ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দাবি না মানা হলে ধর্মঘট চলার কথা জানিয়েছেন আব্দুল মোতালেব

জ্বালানী তেলে দাম কমালে কিংবা ভাড়া সমন্বয় করলে পরিবহণ চলবে বলে জানিয়েছেন ট্রাকশ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব। একই সঙ্গে দাবি না মানা হলে ধর্মঘট চলার কথা জানিয়েছেন তিনি। শনিবার (৬ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে তার ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা বলেন আব্দুল মোতালেব।


তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। দাবি মানা হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।


তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আশ্বস্ত করে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যৌক্তিক দাবির কথা জানাবেন। তারপর মন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে আজ সন্ধ্যায় বা আগামীকাল রবিবার আবারও আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন।


বৈঠকে ধর্মঘটের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবির কথা শুনেছেন এবং তিনি বলেছেন যৌক্তিক দাবিগুলো আলোচনা করে মেনে নেওয়া হবে।


আব্দুল মোতালেব বলেন, তেলের দাম বৃদ্ধির কারণে আমাদের ভাড়ার ওপরে প্রভাব পড়েছে। আগে ভাড়া যেখানে ছিল ১০ হাজার, সেখানে এখন ভাড়া হবে তেলসহ ১২ হাজার। তাহলে কীভাবে আমরা গাড়ি চালাবো? আমাদের লাভের যে অংশ ছিল তা এখন তেলেই চলে যাবে। লাভ না করতে পারলে রাস্তায় গাড়ি চালিয়ে করবো কী? এক রুটে যদি ২০০ লিটার তেল খরচ হয় তাহলে খরচের পরিমাণ কতটা বেড়ে গেলো?


এ সময় তিনি আরও বলেন, আমরা নেতৃত্ব দেই, আমরা যদি গাড়ি চালানোর কথা বলি গাড়ির মালিকরা তবুও গাড়ি চালাবেন না। কারণ এটি একটি ব্যবসা। ব্যবসা নাহলে গাড়ি কেন চালাবেন তারা?


উল্লেখ্য, গত বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত শুক্রবার থেকে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑